আংশিক চালু হচ্ছে রাজশাহী শিশু হাসপাতাল, কমবে রামেকের চাপ
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনা সামনে আসার পর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা রাজশাহী শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি আংশিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) রামেক হাসপাতাল পরিদর্শনকালে তিনি জানান, প্রথম ধাপে শিশু হাসপাতালটিতে বহির্বিভাগ (আউটডোর) সেবা চালু করা হবে। পরবর্তীতে নতুন অর্থবছরে ধাপে ধাপে অন্যান্য সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, নগরের বন্ধগেট এলাকায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০০ শয্যাবিশিষ্ট রাজশাহী শিশু হাসপাতালের নির্মাণকাজ প্রায় আট বছর আগে শুরু হয়। তিন বছর আগে নির্মাণ শেষ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক গ্রহণ না করায় এখনো সেবা কার্যক্রম চালু হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হাসপাতালের কিছু যন্ত্রপাতি চুরি হওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে শিশু হাসপাতালটি চালু না থাকায় রামেক হাসপাতালের শিশু বিভাগে রোগীর চাপ মারাত্মকভাবে বেড়েছে। ২০০ শয্যার বিপরীতে প্রতিনিয়ত প্রায় ৭০০ রোগী ভর্তি থাকছে। শুধু রাজশাহী নয়, রংপুর ও খুলনা বিভাগ থেকেও অসংখ্য শিশু এখানে চিকিৎসা নিতে আসছে।
রামেক হাসপাতালে শিশুদের জন্য বর্তমানে মাত্র ১২টি আইসিইউ শয্যা রয়েছে। এসব শয্যার জন্য দীর্ঘ অপেক্ষার তালিকা তৈরি হয়, যেখানে অনেক ক্ষেত্রে ৩০ থেকে ৫০ জন রোগীর পর সিরিয়াল আসে। ফলে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আইসিইউর চাহিদা আরও বেড়েছে। নতুন শিশু হাসপাতাল চালু হলে এই সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। নতুন হাসপাতালেও ১২টি আইসিইউ শয্যা রাখার পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। এ সময় স্বাস্থ্যসচিব জানান, যেসব হাসপাতালের অবকাঠামো প্রস্তুত রয়েছে, সেগুলো দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
১০৬ বার পড়া হয়েছে