চরমোনাইয়ে ১ এপ্রিল থেকে ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের চরমোনাইয়ে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ ফাল্গুনের বার্ষিক মাহফিল আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে।
প্রতি বছরের মতো এবারও লাখো মুসল্লির উপস্থিতিতে মাহফিলটি জমজমাট হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।
১ এপ্রিল জোহর নামাজের পর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হবে। তিন দিনব্যাপী এ আয়োজনে তিনি প্রতিদিন ফজর ও মাগরিবের পর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এছাড়া নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বিভিন্ন সময়ে ধর্মীয় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন। তারা কোরআন-হাদিসের আলোকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
আয়োজকরা জানান, বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি সামাল দিতে ছয়টি বড় মাঠ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মাইকিং, উন্নত সাউন্ড সিস্টেম, পর্যাপ্ত আলোকসজ্জা ও স্যানিটেশন ব্যবস্থাও সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল কাজ করবে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবার জন্য ১৫০ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
মাহফিলের দ্বিতীয় দিনে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেবেন। তৃতীয় দিনে ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব, ছাত্র ও শ্রমিক আন্দোলনের উদ্যোগে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য থাকা-খাওয়া ও যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
১ এপ্রিল শুরু হয়ে ৪ এপ্রিল শনিবার ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
১০৭ বার পড়া হয়েছে