কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার বিকেলে গণমাধ্যমকে জানান, সোমবার (৩০ মার্চ) দুপুরে বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৪১ ব্লকের এক বাসিন্দার বসত ঘরে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুদ থাকার খবর পাওয়া যায়।
এরপর র্যাবের একটি দল ওই সন্দেহজনক ঘরে অভিযান চালায়। অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। ধাওয়া করার পরও তাকে আটক করা সম্ভব হয়নি।
তল্লাশি শেষে ঘরের শয়ন কক্ষে বিশেষভাবে তৈরি মাচায় লুকানো অবস্থায় বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীগুলোর মধ্যে রয়েছে:
দেশীয় তৈরি বন্দুক, ১টি বিদেশী পিস্তল, ৪টি রাইফেলের গুলি, ৪টি গুলি ভর্তি পিস্তলের ১টি ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০ টি সামরিক বাহিনীর টুপি সদৃশ্য কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।
র্যাবের এই কর্মকর্তা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে