সুন্দরবনে হাত পা বাঁধা অবস্থায় জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত চক্র ‘জোনাব বাহিনী’র কবল থেকে এক জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা থানার সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে ডাকাতদের জিম্মিতে থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেকে নৌকায় রেখে বনের ভেতরে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। জানা গেছে, কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে গিয়ে তিনি ডাকাতদের হাতে জিম্মি হন।
বর্তমানে উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২৬ বার পড়া হয়েছে