ফরিদপুরে ঘরে আগুনে কিশোরের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পূর্বপাড় গ্রামে ঘরের ভেতরে আগুনে পুড়ে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তামিম প্রবাসী রফিক মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম পরিবারসহ এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গেলেও রাতে একাই নিজ বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘরের ভেতরে আগুন লাগে। এ সময় তামিম চিৎকার করে বের হতে চাইলে দরজা বাইরে থেকে বন্ধ পায় বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রফিক মিয়া অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে রফিক মিয়া ও শওকত মিয়ার তিনটি ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আগুনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১২২ বার পড়া হয়েছে