ফরিদপুরে হামের আশঙ্কা: উপসর্গ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে গত কয়েক দিনে অন্তত ১৪ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। তবে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ফরিদপুরেও প্রতিদিন দু-একজন করে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ভর্তি শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হাম আক্রান্ত কিনা।
এদিকে, জেলার স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে। সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, বর্তমানে ফরিদপুরের দুটি হাসপাতালে মোট ১৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে হামের লক্ষণ দেখা গেছে।
তিনি আরও বলেন, হাম-রুবেলাসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সরকার নিয়মিত টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সরকারি হিসেবে প্রায় ৯৫ শতাংশ শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী এই হার প্রায় ৮৪ শতাংশ, অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক শিশু এখনো টিকার বাইরে রয়েছে, যা তাদের ঝুঁকিতে ফেলছে।
সংশ্লিষ্টরা জানান, গত ৬ থেকে ৭ বছর ধরে বড় আকারে কোনো টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতার বাইরে রয়েছে, তাদের শনাক্ত করে ক্যাম্পের মাধ্যমে টিকা প্রদান করা গেলে হামের বিস্তার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
১২১ বার পড়া হয়েছে