মোহনগঞ্জে প্রতিবেশীর ঘরে মিলল শিশুর গলাকাটা মরদেহ, এলাকায় চাঞ্চল্য
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে প্রতিবেশীর ঘর থেকে তিন বছর বয়সী অংকিত বর্মন নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অংকিতের বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। তার দিদিমা বিশু রানী বর্মন শিশুটিকে দেখাশোনা করতেন। ঈদের ছুটিতে কয়েক দিন আগে দিদিমার সঙ্গে সে গ্রামের বাড়িতে আসে।
ঘটনার দিন বিকেলে বাড়ির উঠানে খেলছিল অংকিত। এ সময় পরিবারের সদস্যরা কাজের জন্য বাইরে ছিলেন এবং দিদিমা পাশের একটি বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশেই আত্মীয় সুকুমার বর্মনের ঘরের বিছানায় অংকিতের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাজারে এবং পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের কাকা সোহাগ বর্মন জানান, “আমরা সবাই হতবাক। বাড়ির কাছেই কাজ করছিলাম। মা একটু পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১০৫ বার পড়া হয়েছে