যশোরে সাইফুল বাহিনীর চাঁদাবাজি: বাড়ির নির্মাণকাজ বাধাগ্রস্ত
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় চাঁদা না দেয়ায় সাইফুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালেই মাছুম হোসেন তার ৬.৩৫ শতাংশ জমিতে নির্মাণ কাজ শুরু করলে সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, লোহার পাইপ, দা ও লাঠিশোঠা নিয়ে ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী মাছুম হোসেন জানান, “আমি বাধা দিলে তারা আমাকে বলেছিল, ‘তুই আমাদের অনুমতি ছাড়া বাড়ি করছিস কেন? এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে, নাহলে প্রাণে মেরে ফেলবো।’ আতঙ্কিত হয়ে আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। তখন তারা আরও হত্যার হুমকি দিয়ে চলে যায়।”
এ ঘটনায় ২৯ মার্চ মাছুম হোসেন যশোর আদালতে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনকে নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে, সাইফুল ও তার ভাই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, যা পরে আদালতে খারিজ হয়েছে।
বেনাপোল পোর্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুল ইসলামের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
১২০ বার পড়া হয়েছে