কালিবাজারে খাল পুনখননের দাবিতে মানববন্ধন
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজার এলাকার গুরুত্বপূর্ণ একটি খাল পুনখনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোমবার (৩০ মার্চ) কালিবাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
বক্তারা জানান, একসময় প্রবাহমান ও প্রমত্তা এই খালটি বর্তমানে দখল এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে প্রায় ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষি কার্যক্রম ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা আরও বলেন, দ্রুত খালটি পুনখনন করা না হলে কালিবাজারের পরিবেশ ও ঐতিহ্য হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক ও মানবাধিকার কর্মী সৈয়দ এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ব্যবসায়ী ইসলাম জমাদ্দার, সাখাওয়াত হোসেন লিটন এবং মো. সাইদুর রহমান মুন্সীসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে দ্রুত এই জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
১০৫ বার পড়া হয়েছে