কালিহাতীতে ফিলিং স্টেশনে অতিরিক্ত তেল মজুদে জরিমানা
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনের বিরুদ্ধে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানকারীরা জানান, ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটার অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে এক সেবাগ্রহীতা বলেন, “প্রশাসনের এ ধরনের কার্যক্রমের ফলে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসছে। সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আজ জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও আস্থা বেড়েছে।
১০৭ বার পড়া হয়েছে