চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনার জন্য জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আজ রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ।
সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় মোট ২২টি তেল পাম্প রয়েছে। আগামীকাল থেকে জেলার সকল তেল পাম্পে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চের মধ্যে গাড়ির বৈধ কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিনামূল্যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ব্যতীত তেল কেনা যাবে না। তবে কৃষকদের ক্ষেত্রে বিশেষ শিথিলতা রয়েছে; তারা রাত-দিন ২৪ ঘণ্টা পাম্প থেকে ডিজেল তেল সংগ্রহ করতে পারবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ব্যতীত কাউকে তেল দেওয়া হবে না। জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন কপি, ড্রাইভিং লাইসেন্স ও এক কপি ছবি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এলে বিনামূল্যে ফুয়েল কার্ড প্রদান করা হবে। ৩০ ও ৩১ মার্চ দুই দিন কার্ড বিতরণ কার্যক্রম চলবে।”
তবে চুয়াডাঙ্গার জরুরি সেবায় নিযুক্ত পুলিশ ও সাংবাদিকরা চুয়াডাঙ্গার দুটি পাম্প থেকে তেল নিতে পারবেন। এছাড়া প্রতিটি উপজেলায় জরুরি সেবার জন্য একটি করে পাম্প উপজেলা নির্বাহী কর্মকর্তারা নির্ধারণ করবেন। এই উদ্যোগের মাধ্যমে তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী ও বি. এম. তারিক উজ জামান, ৬ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তারা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও যুবদলের প্রতিনিধিবৃন্দ, এবং জেলার ২২টি পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিরা।
১১৯ বার পড়া হয়েছে