রংপুরে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, জ্বালানি সংকটে সাধারণ মানুষ ভোগান্তিতে
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে জ্বালানি তেল মজুত ও বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ নিশ্চিত করার জন্য জেলার তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেল থেকে নগরীর ষ্টেশন বাবু পাড়া এলাকায় যমুনা পেট্রোলিয়ামের ডিপোতে বিজিবি অবস্থান নিয়েছে।
যমুনা পেট্রোলিয়াম রংপুর অঞ্চলের সেলস অফিসার মোহসিন আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রংপুরের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে ডিপোতে বিজিবি মোতায়েনের পরও নগরীসহ পুরো জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত রয়েছে। শুক্রবার শহর ও জেলার সব ফিলিং স্টেশন জ্বালানী তেলের অভাবে বন্ধ ছিল। শনিবার সকালেও নগরীর মর্ডান মোড়ে একটি পাম্পে পেট্রোল ও অকটেন প্রতি ২শ টাকায় বিক্রি শুরু হলেও দুপুরের মধ্যেই তা শেষ হয়ে যায়। ষ্টেশন এলাকার রহমান পেট্রোল পাম্পেও জ্বালানি পৌঁছার সঙ্গে সঙ্গে শত শত মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ি লাইন ধরে অপেক্ষা করতে থাকে।
নগরীর গুপ্ত পাড়ার সালেক পেট্রোল পাম্পে দেখা গেছে, দুই দিন ধরে পেট্রোল অকটেন ও ডিজেল সরবরাহ নেই। ম্যানেজার সালাহ উদ্দিন জানান, আগামী ১ এপ্রিল পর্যন্ত জ্বালানি সরবরাহ পাওয়া যাবে না। ৬ হাজার লিটারের চাহিদার জায়গায় কেবল অর্ধেক সরবরাহ করা হচ্ছে, ফলে গ্রাহকদের চাহিদা মেটানো যাচ্ছে না।
জ্বালানি সংকটের কারণে আন্তঃনগর রুটে ও ঢাকা গামী বাস চলাচলও অর্ধেক কমে গেছে। শহরের বাস টার্মিনাল ও কামারপাড়া এলাকায় গাড়ি না পাওয়ায় ড্রাইভাররা তাদের গাড়ি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এছাড়া কয়েকটি পাম্পে জ্বালানি পেলেও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের, ফলে সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রংপুরের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ শোভন বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাহিদার তুলনায় অনেক কম তেল সরবরাহ করছে। তাই তেলের সংকট সৃষ্টি হয়েছে। তিনি প্রশাসনের কাছে পাম্পে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশের উপস্থিতি চেয়ে অনুরোধ জানান।
১১০ বার পড়া হয়েছে