ভৈরবে মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (আজ) সকাল ১১টার দিকে শহরের নিউটন এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের তৎপরতায় কিশোরীকে উদ্ধার করা হয় এবং পরে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলপুর এলাকার জসীমউদ্দীন ও রনিসহ কয়েকজন ব্যক্তি পাওনা টাকার অজুহাত তুলে ১৬ বছর বয়সী মরিয়ম বেগমকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের শনাক্ত করে।
ঘটনার পর মরিয়মের বাবা সুলতান রশিদ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গাছতলা ঘাট এলাকা থেকে জসীমউদ্দীন ও রনিকে আটক করে।
মরিয়ম বেগম তার পরিবারসহ ভৈরব শহরের নিউ টাউন এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজ এবং ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭২ বার পড়া হয়েছে