রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮
সুদ এক অঙ্কে নামানো ও ‘এক শহর এক নীতি’র অঙ্গীকার প্রগতিশীল প্যানেলের
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনে (২০২৬–২০২৮) প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে ব্যাপক সংস্কার ও উন্নয়নের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন রিহ্যাব প্রেসিডেন্ট পদপ্রার্থী, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কমিটির সাবেক সদস্য এবং গ্লোরিয়াস ল্যান্ড এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ড. আলী আফজাল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আবাসন খাতের বিদ্যমান জটিলতা দূর করে এটিকে একটি আধুনিক, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব খাতে রূপান্তর করাই তাঁদের মূল লক্ষ্য। ইশতেহারে ব্যবসা উন্নয়ন, সদস্য সম্পৃক্ততা বৃদ্ধি, প্রশাসনিক সক্ষমতা উন্নয়ন, সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি উন্নয়নের মতো পাঁচটি প্রধান খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়, রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, কর ও ভূমি অফিসসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং পানি, বিদ্যুৎ, গ্যাসসহ ইউটিলিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে আবাসন ব্যবসার প্রতিবন্ধকতা দূর করা হবে। বিশেষ এলাকা ছাড়া অন্যান্য স্থানে FAR (Floor Area Ratio) সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হবে।
ডিটেইল্ড এরিয়া প্ল্যান (DAP) যুগোপযোগী করতে ‘এক শহর এক নীতি’র ভিত্তিতে নির্মাণ বিধিমালা প্রণয়নেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি আবাসন খাতে ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার চেষ্টা এবং বিকল্প অর্থায়নের উৎস খোঁজার কথা বলা হয়েছে।
নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে বিশেষ কমিটি গঠন, সিনিয়র সদস্যদের সম্মাননা, মেধাবী সন্তানদের পুরস্কার এবং নতুন ধারণা উদ্ভাবনে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে যুক্ত করতে “REHAB Young Club (RYC)” গঠন এবং সদস্যদের জন্য ফ্যামিলি ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া বারকোডযুক্ত ডিজিটাল আইডি কার্ড চালু এবং মাসিক বুলেটিন প্রকাশের পরিকল্পনাও রয়েছে।
রিহ্যাব সেন্টারের নির্মাণ কাজ দ্রুত শুরু এবং অন্তর্বর্তীকালীন আধুনিক অফিস স্থাপনের কথা জানানো হয়। পাশাপাশি প্রশাসনিক কাঠামো আধুনিকায়ন, “REHAB Service Cell” গঠন এবং সদস্যদের সমস্যার সমাধানে হটলাইন চালুর অঙ্গীকার করা হয়েছে।
দেশে-বিদেশে আবাসন মেলার সংখ্যা বাড়ানো এবং ভবিষ্যতে “REHAB University of Building Technology (RUBT)” প্রতিষ্ঠার পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
ড. আলী আফজাল বলেন, প্রবাসী আয়ের মাধ্যমে ফ্ল্যাট কেনায় ক্যাশ ইনসেন্টিভ নিশ্চিত করতে কাজ করা হবে। একই সঙ্গে রাজউককে আবাসন ব্যবসা থেকে বিরত রেখে কেবল নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজনের কথাও উল্লেখ করা হয়।
রিহ্যাবকে এফবিসিসিআই-এর শীর্ষস্থানীয় অ্যাসোসিয়েশনে উন্নীত করা, আন্তর্জাতিক রিয়েল এস্টেট সংস্থাগুলোর সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও ভূমিকম্প সহনশীল নির্মাণ প্রযুক্তি উন্নয়নে গবেষণা সেল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া নির্মাণ শ্রমিক, সুপারভাইজর ও প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সংবাদ সম্মেলনে ড. আলী আফজাল বলেন, “সততা, দক্ষতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতার ভিত্তিতে রিহ্যাবকে একটি শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”
১৪১ বার পড়া হয়েছে