রাজউককে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চায় রিহ্যাবের প্রগতিশীল প্যানেল
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।
শনিবার (২৮ মার্চ) গুলশান ক্লাবে ৫টায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এসময় লিখি বক্তব্য দেন, রিহ্যাব প্রেসিডেন্ট পদপ্রার্থী, মেম্বারশিপ ডেভেলপমেন্ট কমিটির সাবেক সদস্য ও গ্লোরিয়াস ল্যান্ড এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ড. আলী আফজাল। এছাড়া বক্তব্য রাখেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট (ফিনান্স) ও আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট পদপ্রার্থী ও গ্লোরিয়াস ল্যান্ড এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ড. আলী আফজাল বলেন, রাজউককে ব্যবসায়ী নয়, বরং একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চান তারা। তাদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থা হয়েও রাজউক ফ্ল্যাট বিক্রিতে যুক্ত হওয়ায় আবাসন ব্যবসায় বৈষম্য তৈরি হচ্ছে, যা নীতির সঙ্গে সাংঘর্ষিক।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী দেশবরেণ্য কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল উপস্থিত গণমাধ্যমকর্মী ও অতিথিদের সামনে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
ঘোষিত প্যানেলে প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রয়েছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী, এ কে এম বরকতউল্লাহ, এ এফ এম ওবায়দুল্লাহ, ড. মো. হারুন অর রশিদ এবং চট্টগ্রাম অঞ্চলের জন্য নূর উদ্দিন আহমেদ মনোনীত হয়েছেন।
পরিচালক পদে ডা. এন জোহা, মো. গোলাম কিবরিয়া মজুমদার, মোহাম্মদ জসিম উদ্দিন, আবুল বারাকাত বাবুল, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, ডা. এ এম কামাল উদ্দিনসহ মোট ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।
ইশতেহারে আবাসন খাতের প্রশাসনিক ও নীতিগত জটিলতা দূর করে একটি স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে রাজউকসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার করে আবাসন ব্যবসার সকল প্রক্রিয়া সহজ ও আধুনিক করার কথা বলা হয়।
এছাড়া দ্রুত রিহ্যাব সেন্টার নির্মাণ, “REHAB University of Building & Technology (RUBT)” প্রতিষ্ঠা, “REHAB Service Cell” গঠন, সদস্যদের জন্য হটলাইন চালু এবং আবাসন খাতের টেকসই উন্নয়নে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয়ের পরিকল্পনা তুলে ধরা হয়।
ইশতেহারে আরও বলা হয়, কৃষিজমি রক্ষা করে পরিকল্পিতভাবে আবাসন খাত সম্প্রসারণ করা হবে এবং বিভাগীয় ও জেলা শহরগুলোতে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আবাসন মেলা ও সেমিনার আয়োজন করা হবে।
এছাড়া প্রবাসী আয় (রেমিট্যান্স) দিয়ে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ক্যাশ ইনসেনটিভ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান নেতারা।
অনুষ্ঠান শেষে আবাসন ব্যবসায়ীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪৩ বার পড়া হয়েছে