গফরগাঁওয়ে বাড়ির জমি বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, ৩ গ্রেপ্তার
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আলম মিয়া (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনা বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে গফরগাঁও উপজেলার পড়শীপাড়া এলাকায় সংঘটিত হয়। নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে।
গ্রেপ্তাররা হলেন— মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. আব্দুল কাদের (৫৫), মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মো. মাজহারুল (৩০) এবং শামসুল হকের ছেলে মো. ইমরান ইসলাম (২৫)। প্রত্যেকেই একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার সহরুদ্দিনের সঙ্গে আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আলম মিয়া আমান মিয়ার মা আছিয়া বেগমকে মারধর করেন।
এর জের ধরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করেন। এতে আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে আলম মিয়ার মরদেহ উদ্ধার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
১০৯ বার পড়া হয়েছে