কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মেহেদী হাসান আবিদ (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
সৈকতে দায়িত্বরত জেলা প্রশাসনের বীচকর্মী তৌহিদুল ইসলাম জানান, উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবিদ বান্দরবানের আজিজনগর এলাকার গায়নাকাটা গ্রামের বাসিন্দা। তবে প্রাথমিকভাবে তার পিতার নাম নিশ্চিত হওয়া যায়নি।
আবিদের সঙ্গে ভ্রমণে আসা তার বন্ধু মোহাম্মদ আরিফ জানান, তারা চার বন্ধু চট্টগ্রাম শহরের রিয়াজউদ্দিন বাজারের একটি দোকানে কাজ করেন। বৃহস্পতিবার সকালে তারা কক্সবাজারে বেড়াতে আসেন। বিকেল ৩টার দিকে তারা সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে আবিদ নিখোঁজ হয়ে যান। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডদের জানানো হলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে পানিতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
১৩৪ বার পড়া হয়েছে