বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৫:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়িতে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া করে। আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান তিনি। সেখানেই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে নূর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ১৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। সোহাগ হত্যার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
১৩২ বার পড়া হয়েছে