সংঘাত দীর্ঘায়িত নয়, দ্রুত সমাপ্তির পক্ষে ট্রাম্প
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় এই যুদ্ধ দীর্ঘায়িত না করার কথা জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মনে করেন বর্তমান সংঘাত শেষ পর্যায়ে রয়েছে এবং তিনি আগে যে চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার কথা বলেছিলেন, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তাঁর লক্ষ্য, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগ দেওয়া।
হোয়াইট হাউসের ভেতরের সূত্রগুলো বলছে, এই সংঘাত ট্রাম্প প্রশাসনের অন্যান্য অগ্রাধিকারমূলক কাজকে ব্যাহত করছে। বিশেষ করে যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মার্কিন ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে তাঁর উপদেষ্টাদের একটি অংশ চান, তিনি দ্রুত এই সংকটের সমাধানে এগিয়ে যান।
এদিকে, সূত্রের বরাতে আরও জানা গেছে, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, ওই সফরের আগেই ইরান-সংকটের অবসান ঘটাতে চায় ওয়াশিংটন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পরিচালিত ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব নিহত হন বলে দাবি করা হয়। হামলার কারণ হিসেবে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কথা তুলে ধরে হোয়াইট হাউস।
পাল্টা জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
১২০ বার পড়া হয়েছে