কলাপাড়ায় ৯৯ দিন পর সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৪:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরে (৮৭)-এর মৃত্যুর ৯৯ দিন পর শুরু হয়েছে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বৌদ্ধ বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানকে ঘিরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো রাখাইন নারী-পুরুষের সমাগম ঘটেছে। বিহারসংলগ্ন এলাকায় বসেছে অস্থায়ী দোকানপাট। দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।
তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরে গত ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। জীবদ্দশায় তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর বিশেষ ব্যবস্থায় তার মরদেহ ৯৯ দিন বিহারে সংরক্ষণ করা হয়।
তিনদিনব্যাপী এ অনুষ্ঠানে অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠিতে দানকারীদের নিকট হস্তান্তর, ভিক্ষু সংঘের পিণ্ডদান, ছন্দোগুণ পাঠসহ নানা ধর্মীয় আচার পালিত হবে। আগামী শনিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার জানান, দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন হওয়ায় রাখাইন সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রথম দিনের সকালের কার্যক্রম শেষ হয়েছে এবং হাজারো মানুষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১০৭ বার পড়া হয়েছে