গৌরনদীতে গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গৃহবধু বিলকিস বেগম হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে তার স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডস্থ কলেজ গেটের সামনে মানববন্ধন এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে বাসস্ট্যান্ডের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানববন্ধন ও বিক্ষোভের সময় নিহতের বাবা সাত্তার বেপারী, ভাই খোকন বেপারী, ভাবি ইয়াসমিন বেগম এবং স্থানীয় কবির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বিলকিসের স্বামী মাইনুল গাজী তার ওপর নির্যাতন চালিয়েছেন।
বক্তারা আরও বলেন, গত সোমবার রাতে পরিকল্পিতভাবে বিলকিসকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এবং আত্মহত্যার নাটকীয় কাহিনী প্রচার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাইনুল গাজী আত্মগোপনে রয়েছেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিন সন্তানের জননী বিলকিস বেগমের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযুক্ত মাইনুল গাজীর পিতা আলতাফ গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ছেলে ও পুত্রবধুর মধ্যে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে বিলকিস আত্মহত্যা করেছে।”
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তিনি আরও বলেন, গৃহবধুর রহস্যজনক মৃত্যুর প্রাথমিক তদন্তে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২৪ মার্চ ভোরে গৌরনদীর উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে ৩২ বছর বয়সী বিলকিস বেগমের লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
১১১ বার পড়া হয়েছে