মুখোশের সুশীল
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বুলি আওড়ানো সুশীল সমাজ
সরব হয় কেবল তখনই—
যখন স্বস্বার্থের প্রদীপ জ্বলে,
নিজের উঠোনে আগুন লাগে গোপনে।
রাস্তার রক্তে তারা দেখে না দাগ,
শিশুর কান্না, নারীর আর্তনাদ
ভেসে যায় বাতাসে—
কারণ তাতে স্বার্থ নেই,
লাভ নেই,
নেই করতালির নিশ্চয়তা।
ধর্ষণ—
শিশু হোক, কিংবা পরিণত নারী,
অপরাধ তো অপরাধই!
এখানে মানবতার ছাড় কোথায়?
এখানে নীরবতার যুক্তি কোথায়?
তবু তারা মাপতে বসে—
কার কান্না ট্রেন্ডিং,
কার ক্ষত ভাইরাল,
কার মৃত্যেতে মঞ্চ সাজানো যায়।
এই সমাজ মুখে সমাজতন্ত্র,
ভেতরে সুবিধার সাম্রাজ্য;
বিচারের বুলি উচ্চারিত হয়,
কিন্তু ন্যায় থাকে তালাবদ্ধ আলমারিতে।
আমি বলি—
মুখোশ খুলে ফেলো!
অপরাধীর নাম বলো স্পষ্ট স্বরে,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও নির্ভয়ে।
কারণ ধর্ষণ কোনো মতাদর্শ নয়,
কোনো দল নয়, কোনো মত নয়—
এটা কেবল পৈশাচিকতা,
আর নীরবতা তার সবচেয়ে বড় সহচর।
আজ যদি চুপ থাকো,
কাল তোমার দরজাতেই
কড়া নাড়বে অন্ধকার।
স্বার্থের ঊর্ধ্বে মানবতা—
তাই শপথ হোক,
বাক্যের চেয়ে বড় হোক প্রতিরোধ।
২২৪ বার পড়া হয়েছে