রক্তজল' ৭১
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রক্তজল'৭১; ধুয়েমুছে যাওয়ার নয়
লাখো-কোটি প্রাণের কান্নায়
কোটি মায়ের আঁচলে জমা করা মমতা
সহজেই চিহ্নহীন হয়ে যাওয়া নয়
সাড়ে সাতকোটি বাঙালির আত্মত্যাগে অর্জিত
এই স্বাধীনতা
কী করে বোহেমিয়ান হয়?
লাখ প্রাণ গেলো, লাখ মা-বোনের সম্ভ্রম
সবার ইতিহাস কি আছে জানা সবার?
যাঁরা খাবার দিয়ে, আশ্রয় দিয়ে আশ্রয়হীন হয়েছে
লাখোলাখো ঘরবাড়ি পুড়েছে
হানাদারবাহিনীর বুলেটে মরেছে
তাঁদের ইতিহাস কী আছে লেখা আছে কোনো স্বীকৃতি কিংবা সনদ? নেই তো, ইতিহাসে ঠাঁই পাবে তাঁরা একদিন!
যাঁরা সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে,
যাঁরা ছিলেন বোদ্ধা ; তাঁরাও তো যোদ্ধা!
স্বাধীনতা বিরোধী কতিপয় গোষ্ঠী বা মানুষ বাদ গেলে
বাকী সাড়ে সাতকোটির বেশিরভাগ মুক্তিকামী মানুষ
ঘরহারা হয়েছে, জীবন দিয়েছে,সকলেই মুক্তিযোদ্ধা
তারা কেনো নয় সহযোদ্ধা, কেনো নেই সম্মান তাঁদের?!
রণাঙ্গনে শত্রুর বুলেটের সামনে নেই বলে
নাকি অস্ত্রহাতে ছিলো না বলে---তাঁরা যোদ্ধা নয়?
যে টেলিগ্রাফটা জীবনের ঝুঁকি নিয়ে
পালিয়ে মাইলের পর মাইল হেঁটে
খবরটা পৌঁছে দিয়ে, বাঁচিয়েছে বহু মুক্তিযোদ্ধাদের
সেই মানুষটিকে কোন নামে ডাকবে আজ
২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে, কার্ড বাদেও
তাঁকে কেউ কোন আমন্ত্রণ জানায় নি কোনদিন!
যে মানুষেরা নিজে না খাইয়ে
শতশত মুক্তিযোদ্ধাদের একবেলা খাইয়েছিল
পরে তার খোঁজ কি কেউ নিয়েছে আর?
নেয়নি অধিকাংশ ঘটনার খবর আমাদের অজানা
স্বাধীনতার পূর্নাঙ্গ ইতিহাস রচিত হবে ঠিকই
শতবছর পরে, হয়তো হবে কালান্তরে
সেদিন দেখবে, বাংলার ড্যাগাড্যাগা সাড়ে সাতকোটি চোখের উজ্জ্বল দীপ্তি, সেদিন মিলবে তাঁদের স্বীকৃতি!
যে মানুষটি নিরাপদে ওপারবাংলায় চলে যেতে পারতো অনায়াস, থেকে গিয়ে দেশ স্বাধীন করে নিঃস্ব হলো
কেউ কী নিয়েছে তাঁরও খোঁজ?
---নেয়নি তো কেউ?
দ্যাখো ঠিকই একদিন সাড়েসাতকোটি মানুষের মিছিল
তেড়েফুঁড়ে আসবে---দেখবে সেদিন মিলবে মুক্তি সকলের, লাখ লাখ টাকায় মেলে যোদ্ধার সনদ!
অথচ দুর্ভাগ্য আজও হয়নি কতো বীরযোদ্ধার সনদ
আজও সারা বাংলায় বধ্যভূমি হয়নিকো আবিষ্কার
আজও হয়নি সত্যিকার ইতিহাসের স্বীকৃতি ..!
যদি প্রশ্ন করে একাত্তর?
তবে নেই কেনো
সাড়ে সাতকোটি বাঙালির স্বীকৃতি
কিংবা সনদ!
কী উত্তর আজ তার!
মনে রেখো, রক্তজল'৭১;
ধুয়েমুছে যাওয়ার নয়
যাঁদের স্বীকৃতি হয় নি বলে
তাঁরা স্বীকৃতিহীন, ইতিহাসহীন নয়
তাঁরাও যোদ্ধা, ঠিকই তাঁরাই কিন্তু
কালান্তরের কালোঘোড়া!
বাংলার মানুষের মননে চিরকাল ইতিহাসের উচ্চাসনে থাকবে তাঁরা; সেদিন অপাংতেয়রাই অপাঠ্য হবে, ইতিহাস তাই বলে!
রক্তজল'৭১; কোটি প্রাণের চেতনার স্রোত
বহমান সকল হৃদয়ে থাকবে শ্রদ্ধার বহ্নি হয়ে
কারণ রক্তজল'৭১ ; ধুয়েমুছে যাওয়ার নয়!
এই পতাকা---এই স্বাধীনতা;
কোনোকালেই ধুয়েমুছে যাওয়ার নয়!
রক্তজল একাত্তর ধুয়েমুছে যাওয়ার নয়...
২২৪ বার পড়া হয়েছে