ইরাকে পিএমএফ ঘাঁটিতে বিমান হামলা, কমান্ডারসহ নিহত ৬
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে শিয়া আধাসামরিক জোট পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সংঘটিত এ হামলায় সংগঠনটির আনবার অপারেশনস কমান্ডার সাদ আল-বাইজি-সহ অন্তত ৬ জন যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান থেকে চালানো এই হামলায় পিএমএফ-এর একটি কমান্ড সদর দপ্তরকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। পিএমএফ এক বিবৃতিতে তাদের গুরুত্বপূর্ণ কমান্ডার সাদ আল-বাইজি-এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
এ হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে পিএমএফ, যা স্থানীয়ভাবে ‘হাশদ আল-শাবি’ নামে পরিচিত। সংগঠনটি দাবি করেছে, তাদের যোদ্ধারা কর্তব্যরত অবস্থায় থাকাকালীন এ অতর্কিত হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, পিএমএফ মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি জোট, যা বর্তমানে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করছে। এ জোটের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধের প্রেক্ষাপটে এ হামলা সংঘটিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরাকে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানপন্থী গোষ্ঠীগুলোর হামলার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র এ অভিযান চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪৪ বার পড়া হয়েছে