জনগণের ম্যান্ডেড ধরে রাখতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাড়াতে হবে: ড. জিয়া
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার বলেছেন, “জনগণ আমাদের যে ম্যান্ডেড দিয়েছে, সেই ম্যান্ডেড ধরে রাখতে হলে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও তরান্বিত করতে হবে।”
আজ সোমবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় স্বনির্ভর খাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বরিশালে খাল খনন কর্মসূচীর পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন এলাকায় যাবেন এবং এর মধ্যে বরিশালও বেছে নেওয়া হবে।
ড. জিয়া বলেন, “বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দৈর্ঘ্য বর্তমানে তিন কিলোমিটার। এখানে আরও তিন কিলোমিটার খাল খনন হবে। এছাড়াও বরিশালের গৌরনদীতে খাল খনন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অতীতের সাফল্য এবার আরও বড় আকারে দৃশ্যমান হবে।”
পরিদর্শনে বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে