সুজানগরে দুই গ্রুপের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ৫
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ চায়না খাতুন (৩৫) একই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের ইসলাম খাঁ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সোমবার সকালে ইসলাম খাঁ গ্রুপের লোকজন লাঠিসোটা নিয়ে এলাকায় জড়ো হলে প্রতিপক্ষ রাজা গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ চায়না খাতুন।
আহত পাঁচজনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
১৭৫ বার পড়া হয়েছে