বেহেশতের টিকিট নয়, কাজ দিয়েই জান্নাতের পথে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা বেহেশতের টিকিট দেই না, ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ দিয়েই বেহেশতে যাবো।” তিনি বলেন, কিছু নেতা মানুষকে বেহেশতে নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা সম্ভব নয়।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকায় নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, কৃষকদের কল্যাণে বিএনপি সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছে। জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে কৃষিতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়া কৃষি ঋণ মওকুফ ও খাজনা মাফসহ নানা উদ্যোগ গ্রহণ করেন।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের পানি সংকটের টেকসই সমাধান করা হবে।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেবেন না।”
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
১২৭ বার পড়া হয়েছে