সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ছোট সুমন বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গুলিসহ জব্দ
সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলিও জব্দ করা হয়।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের ফেলুরখন্ড-বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াছিন শেখ (৪০) নামে ওই সদস্যকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার মধ্যরাতে সুন্দরবনের ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড ফাঁকা গুলি জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ইয়াছিন শেখ দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নেওয়া এবং অস্ত্র ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১১০ বার পড়া হয়েছে