ঈদের দ্বিতীয় দিনে কাউন্টারে যাত্রীচাপ, দ্রুতই শেষ বাসের টিকিট
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৬:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ।
এদিন সকাল থেকেই ঢাকার গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন রুটের বাসের টিকিট।
রোববার (২২ মার্চ) সকালে সরেজমিনে গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করছেন। রংপুর, খুলনা, রাজশাহী, ঠাকুরগাঁও ও বরিশালগামী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকাল থেকেই বিভিন্ন বাস কাউন্টারের সামনে টিকিট সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। কর্মস্থল থেকে দেরিতে ছুটি পাওয়ায় অনেকেই ঈদের দ্বিতীয় দিনে বাড়ির পথে রওনা হয়েছেন বলে জানান।
রংপুরের পীরগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রীসহ গাবতলীতে আসা বেসরকারি চাকরিজীবী রবিউল ইসলাম বলেন, ঝামেলা ছাড়াই টিকিট পেলেও স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি ভাড়া গুনতে হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে যাত্রীচাপ বেড়েছে। সোহাগ পরিবহনের কাউন্টারের কর্মী আবু কায়েস শান্ত বলেন, “যাত্রী বেশি থাকায় ২০-৩০ মিনিটের মধ্যেই একটি বাসের সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। বিশেষ করে যশোর, মাগুরা, সাতক্ষীরা হয়ে খুলনাগামী যাত্রীর চাপ বেশি।”
এদিকে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে টার্মিনালজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী।
১০৮ বার পড়া হয়েছে