ঈদের পোশাকের প্রলোভনে শিশু অপহরণ, উদ্ধার ঢাকায়
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ঈদের পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।
পরে মুক্তিপণ না পেয়ে অপহরণকারী শিশুটিকে ঢাকায় একটি বাসায় তালাবদ্ধ রেখে নিজ বাড়ি পটুয়াখালীতে চলে যায়।
বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ হোসেন নামে ওই শিশুকে অপহরণ করে আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারী ১৫ হাজার টাকা পায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। এতে পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন ও বিকাশে নেওয়া টাকা উদ্ধার করা হয়েছে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার শ্যামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শুক্রবার দিবাগত রাতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।
১২২ বার পড়া হয়েছে