মোশাররফের মরদেহ টাঙ্গাইলের বাড়িতে, স্বজনদের আহাজারি
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
নির্মম মিসাইল হামলায় জীবন থেমে গিয়ে শেষ পর্যন্ত কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের প্রবাসী মোশাররফ হোসেন (৪০)।
শুক্রবার (২০ মার্চ) সকালে বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণের পর গ্রামের বাড়িতে আনা হলে মুহূর্তেই নেমে আসে এক হৃদয়বিদারক পরিবেশ। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। যেন একটি গ্রাম একসাথে শোক পালন করছে।
অভাবের সংসারে একটু স্বস্তি ফেরাতে প্রায় ৮ বছর আগে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন মোশাররফ। সৌদি আরবের আল খারিজ শহরের পাশে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিরলস পরিশ্রম করতেন। নিজের কষ্ট ভুলে প্রতিনিয়ত ভেবেছেন শুধু পরিবারের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু গত ৮ মার্চ, ইফতারের আগমুহূর্তে মিসাইল হামলায় নির্মমভাবে থেমে যায় তার জীবনসংগ্রাম।
আজ বিকাল ৫টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে