গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবার পেল ঈদ সামগ্রী
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘ঈদ হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকমুদপুর এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের বাটিকামারী গ্রামের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, চিনি, সেমাই, তেল, পেঁয়াজ, সাবান, আলু ও গুঁড়া দুধ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আক্কাস আলী শেখ, উপদেষ্টা সাফায়েত হোসেন ঢালী, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার মাহবুবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদের উপহার পেয়ে উপকারভোগী মালেকা বানু ও আলমগীর শেখ বলেন, প্রতিবছর ফাউন্ডেশনের দেওয়া ঈদ সামগ্রী পেয়ে তারা পরিবার-পরিজন নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করে থাকি। পাশাপাশি শিক্ষা বিস্তার, চিকিৎসা সেবা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গত এক দশক ধরে আমাদের ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।”
সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, “সমাজের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়েই আমরা ঈদ উদযাপন করতে চাই। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ বলেন, “সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”
১২১ বার পড়া হয়েছে