গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, একাধিক স্থানে আয়োজন
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এ ঈদগাহে জেলার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান এই জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
এছাড়া, একই দিনে সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় জামাত এবং সকাল ৮টা ৪০ মিনিটে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে, বেদগ্রাম, গেটপাড়া ও মোহাম্মদপাড়াসহ জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে আধা ঘণ্টা পরপর সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও একাধিক জামাতের আয়োজন করা হয়েছে।
জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ এবং জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ঈদের নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মুসল্লিদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে