শৈলকুপা ও শ্রীপুরে র্যাবের পৃথক অভিযান: সাড়ে ১৭ কেজি গাঁজাসহ আটক ৩
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা এবং শ্রীপুর (মাগুরা) এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার ভোররাতে শৈলকুপার নাঙ্গলবাধ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ও ছাদেক শেখের ছেলে শুকনালকে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এর আগে গভীর রাতে মাগুরার শ্রীপুর বাজার এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে নুরুল হক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার চালিত ট্রাকের সিটের নিচ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নুরুল হক খাগড়াছড়ি জেলার সবুজবাগ এলাকার মো. আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
র্যাব-৬-এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজ্জ্বল বিশ্বাস ও শুকনালকে শৈলকুপা থানায় এবং নুরুল হককে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১২০ বার পড়া হয়েছে