আলোর পথে ফেরা ১২৭ জনের পাশে র্যাব-৭: ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অপরাধের অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম। ঈদ-উল-ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী ‘আলোর পথের অভিযাত্রীদের’ মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (আজ) দুপুরে নগরীর পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী এলাকার ২০১৮, ২০২০ এবং সর্বশেষ ২০২৪ সালে আত্মসমর্পণ করা মোট ১২৭ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি। তিনি র্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার তুলে দেন।
আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজে পুনর্বাসিত এসব মানুষের পাশে দাঁড়ানো, তাদের উৎসাহিত করা এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করা। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বর্তমান জীবনযাপন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান বলেন, র্যাব শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও কাজ করছে। আত্মসমর্পণকারীদের পুনর্বাসন কার্যক্রম সেই প্রচেষ্টারই অংশ। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আগে দেওয়া এই উপহার তাদের জীবনে আনন্দ ও নতুন আশার সঞ্চার করবে।
সভায় অংশ নেওয়া অভিযাত্রীরা জানান, আত্মসমর্পণের পর তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। অনেকেই এখন ব্যবসা, কৃষিকাজসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে তারা তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।
১১৭ বার পড়া হয়েছে