নাটোরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, ছেলে গুরুতর আহত
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার কদমতলী মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা আবুল কালাম আজাদ (৫০) নিহত এবং ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রাস্তার পাশে মোটরসাইকেল রাখা নিয়ে আবুল কালাম আজাদের ছেলে কাউসার মাহমুদের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে সোমবার গভীর রাতে আলামিন, হামজা, রহিমসহ ৬-৭ জন সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বাবা ও ছেলে। পরে পরিবার ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর তালাইমারী এলাকায় আবুল কালাম আজাদের মৃত্যু হয়।
গুরুতর আহত ছেলে কাউসার মাহমুদ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১২৬ বার পড়া হয়েছে