রাসিকের ১২শ' পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
প্রতিজন কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস পরিশ্রম করেন, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর উন্নয়নে কাজ চলছে এবং রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন এবং নাগরিক সেবার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর শহীদদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরিচ্ছন্নকর্মীরা। কর্মী রাজিবুল ইসলাম জানান, চাকরি জীবনে এই প্রথম এমন অনুদান পেয়ে তিনি আনন্দিত। অন্যরাও জানান, এই সহায়তায় তারা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন এবং কাজে আরও উৎসাহ পাবেন।
১২০ বার পড়া হয়েছে