সৈয়দপুর পৌঁছেছেন তারেক রহমান, দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।
সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সেখানে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির সূচনা করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সব কর্মসূচি শেষ করে আজ রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
১২৫ বার পড়া হয়েছে