শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমানকে কাঁচি প্রতীক দেওয়া হয়েছে।
এ আসনে মোট পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরবর্তীতে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। ফলে বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, সহকারী রিটার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হকসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের পর প্রার্থী, তাদের কর্মী-সমর্থক এবং নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। তিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশন (ইসি) পুনঃতফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে। তবে প্রয়োজন না থাকায় এ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না।
১৪২ বার পড়া হয়েছে