ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে হোনা মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হোনা মিয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি যুবদলের একজন কর্মী ছিলেন।
আহতরা হলেন—পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলা উদ্দিন সুজন (৩০) এবং একই গ্রামের নূর আলম (৪০)। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর কড়া নির্দেশ উপেক্ষা করে একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে নিয়ে আসছিল। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের নজরদারি থাকা সত্ত্বেও তাদের ঠেকানো যাচ্ছিল না। এ নিয়ে গত কয়েকদিন ধরে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় বিএনপির সমর্থকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার গভীর রাতে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে তিনজন গুরুতর আহত হলে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম জানান, মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩২ বার পড়া হয়েছে