কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যেই ৮২ মিলিয়ন ঘনফুট বা তারও বেশি গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল মখলিসপুরে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, আমদানি নির্ভরতা দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ সম্ভব হবে। বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।”
এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মাধ্যমে জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস। এর ফলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “জ্বালানি খাতকে সরকার নিজেদের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আগামী ৫ বছরের মধ্যে দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশন্স রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালক মোজাম্মেল হক।
শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ-প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর এই কূপ থেকে খনন কাজ শুরু হয়। এবছর জানুয়ারিতে খনন কাজ সম্পন্ন হয়। আজ ১৪ মার্চ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এই কূপে মোট মজুদ রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস।
১২৮ বার পড়া হয়েছে