মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও।
এই পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার একদিনেই বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আকাশপথে চলাচল সীমিত হওয়ায় প্রতিদিনই একাধিক ফ্লাইট বাতিল হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি এবং ১৩ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ ১৪ মার্চ শনিবার আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ২টি, শারজাহগামী এয়ার অ্যারাবিয়ার ২টি, বাহরাইনগামী গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৪টি, কুয়েতের জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।
এদিকে চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২৫ বার পড়া হয়েছে