ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন গ্রেপ্তার
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার কৃষাণ হাটায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা প্রশাসন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে গোয়ালচামট এলাকার কৃষাণ হাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং এতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়।
অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকার পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ থাকবে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৩৪ বার পড়া হয়েছে