বরগুনা সদরে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনা সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বুধবার (১২ মার্চ) দুপুর ১২টায় সিভিল সার্জন অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন রিসোর্স পারসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির বরগুনা সদর অফিসার সিয়াম ফেরদৌস ইমন।
সভায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলায় ২০২৫ সালে গৃহীত বিভিন্ন উদ্যোগ, কর্মসূচি, পরিকল্পনা, চ্যালেঞ্জ এবং অর্জিত অভিজ্ঞতা (লার্নিং আউটকাম) উপস্থাপন করা হয় এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমন্বয় সভায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির বরগুনা জেলার জেলা ব্যবস্থাপক মো. মাসুম বিল্লাহ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিবাহিত ও ভেক্টরবাহিত রোগের প্রকোপ বাড়ছে।
বিশেষ করে ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ এডিস বাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যখাতে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, প্রশিক্ষিত জনবল বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুনাভ চৌধুরী, ভারপ্রাপ্ত এমওসিএস মো. ফোরকান আহম্মেদ এবং মেডিকেল অফিসার ডা. গোপাল শীল।
এছাড়া সভায় বরগুনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠ পর্যায়ে কর্মরত আটজন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর পৌর এলাকার ৩ নম্বর ইউনিট টিম লিডার জয়দেব রায় এবং যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো. আব্দুর রহমান সজিব।
সভায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক কার্যক্রম আরও বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
১৩৩ বার পড়া হয়েছে