কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলের নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ইঞ্জিনচালিত মাছধরা নৌকায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নৌকা, জাল ও ইঞ্জিন পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাতে তারাবির নামাজের সময় সৈকতের পূর্ব পাশে ঝাউবন এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ আগুন দিয়েছে এবং কী কারণে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার বিকেলে মাছ শিকার শেষে জেলে কালামসহ অন্যান্য জেলেরা তাদের ছোট ইঞ্জিনচালিত নৌকা ও জাল সৈকতে রেখে বাড়িতে চলে যান। পরে তারাবির নামাজ শেষে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন নৌকায় আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন নৌকাটি আগুনে পুড়ে প্রায় ছাই হয়ে গেছে।
নৌকার মালিক মহিবুল মল্লিক জানান, তিনি রাতে সমুদ্রে মশারি জাল দিয়ে চিংড়ির রেনু ধরছিলেন। হঠাৎ দূর থেকে দেখতে পান তার নৌকায় আগুন জ্বলছে। পরে তিনি দ্রুত সেখানে গিয়ে অন্য জেলেদের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে নৌকা, জাল ও ইঞ্জিনের বেশিরভাগই পুড়ে যায়। ঘটনাস্থলে একটি খালি পেট্রোলের বোতলও পাওয়া গেছে।
তিনি আরও জানান, নৌকাটি মাসিক ভাড়ায় জেলে কালামের কাছে দেওয়া ছিল। ওই নৌকায় ইলিশসহ বিভিন্ন সাদা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন কালাম। হঠাৎ এই অগ্নিকাণ্ডে নৌকা, জাল ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। রমজানের শেষ সময়ে এমন ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো দুশ্চিন্তায় পড়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে মাঝে মাঝে বিরোধ বা মারামারির ঘটনা ঘটলেও নৌকা ও জাল পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা তারা আগে কখনো দেখেননি।
কুয়াকাটা সৈকতের বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো. নজরুল ইসলাম বলেন, মানুষের মধ্যে শত্রুতা থাকতে পারে, কিন্তু কারও সম্পদ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য কাজ। এতে কয়েকটি জেলে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত নৌকাটি পরিদর্শন করেছেন স্থানীয় কাউন্সিলর আশরাফ আলী সিকদারসহ বিএনপি নেতৃবৃন্দ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
১২৮ বার পড়া হয়েছে