কলাপাড়ায় গৃহবধুকে খালে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে দিয়ে চুবিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাকে খাল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী বাদল হাওলাদার ও বাবার বাড়ির লোকজন।
এর আগে ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালের শয্যায় কাঁদো কাঁদো কণ্ঠে রুবিনা আক্তার জানান, বেশ কিছুদিন ধরে তার স্বামী ও তার শ্বশুর শহীদ হাওলাদারসহ ভাসুর, ননদ, জা, দেবর এবং চাচা শ্বশুরের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় তার চাচা শ্বশুর মনির তার স্বামীকে হত্যার হুমকি দেন। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামীর পাশাপাশি তাকেও দোষারোপ করা হচ্ছিল।
তিনি আরও জানান, ভোররাতে সেহরি খাওয়া ও নামাজের জন্য ওজু করতে ঘরের বাইরে গেলে পেছন থেকে ৪-৫ জন তাকে মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে পাশের একটি খালে ফেলে দিয়ে চুবিয়ে মারার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
রুবিনা আক্তার, তার স্বামী এবং বাবার বাড়ির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৮ বার পড়া হয়েছে