মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আলমগীর হাওলদার (বয়স জানানো হয়নি) নিহত হয়েছেন।
ঘটনায় ওই এলাকার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মনিরুজ্জামান আক্তার হাওলদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে এক বছর আগে শাকিল মুন্সি নামের এক যুবকও নিহত হন।
রবিবার রাতের সংঘর্ষে দুই পক্ষই ব্যাপক বোমা হামলা চালায়। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকালেই হাসান মুন্সি গ্রুপের লোকজন আলমগীর হাওলদারকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর আক্তার হাওলদারের চাচাতো ভাই।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১০৫ বার পড়া হয়েছে