মুন্সীগঞ্জে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংস্কৃতিকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জেলার ঈদগাহ মাঠগুলোর সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাইকিং ও প্রচার কার্যক্রম, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, জেলার প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। একই সময়ে কালেক্টরেট জামে মসজিদে নারীদের জন্য পৃথক জামাতের ব্যবস্থাও রাখা হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সকল ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
১৯৬ বার পড়া হয়েছে