মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ মার্চ (সোমবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনা শেষে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী জেলা সদরের সাথে সদর উপজেলার কর্মসূচি সমন্বিতভাবে পালন করা হবে এবং অন্যান্য উপজেলায় জাতীয় ও জেলা কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দিবসটি উদযাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া অনুষ্ঠানসমূহে সাউন্ড সিস্টেম সরবরাহ, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও প্রতীকী ব্ল্যাকআউট বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিতকরণ, শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক সংস্কার, কুচকাওয়াজ ও মহড়ার আয়োজন, মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিতকরণ এবং দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। গৃহীত কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একটি মূল কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
১৯৫ বার পড়া হয়েছে