গাইবান্ধায় জমি বিরোধে বাড়িঘর ভাঙচুর, কবরের ইট খুলে নেওয়ার অভিযোগ
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা সদরে জমি নিয়ে বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও কবরের ইট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের সরকারতারী এলাকায় মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মজিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিন মিয়ার ছেলে শাহাজান ও মোস্তফার দীর্ঘদিন ধরে বসতবাড়ির ৪৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, এ বিরোধের জেরে সোমবার দুপুরে শাহাজান, মোস্তফা ও তাদের সহযোগীরা মজিদুল ইসলামের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় মজিদুল ইসলামের বড় ভাই আজিজুল ইসলাম ও তার ছেলে সিয়াম বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে তারা আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার পর মজিদুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৭০)। অভিযোগ রয়েছে, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় বাদীর বাড়িঘর দখল করে বিভিন্ন ফলদ গাছ উপড়ে ফেলেছে। এমনকি পারিবারিক কবরের ইট খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
বর্তমানে মজিদুল ইসলামের পরিবার আতঙ্কে রয়েছে এবং তারা স্বাভাবিকভাবে ঘর থেকে বের হতে পারছে না বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
১০৯ বার পড়া হয়েছে